দীর্ঘ বিরতির পর আবারো ছোটপর্দায় নতুন নাটকের নির্মাণ নিয়ে ফিরেছেন প্রখ্যাত নির্মাতা অরুণ চৌধুরী। চ্যানেল আইয়ের ২৮ বছর পূর্তি উপলক্ষে রাবেয়া খাতুনের গল্পের ভিত্তিতে বিশেষ এই নাটকটি নির্মাণ করেছেন তিনি। ‘শঙ্খ সকাল প্রকৃতি’ শিরোনামের এই নাটকের চিত্রনাট্যও করেছেন নির্মাতা নিজেই। গত দুই দিনে রাজধানীর উত্তরায় নাটকটির সব দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। নাটকটিতে ‘প্রকৃতি’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। এছাড়া ‘শঙ্খ’ ও ‘সকাল’ চরিত্রে দেখা যাবে আহসান হাবিব নাসিম ও গোলাম কিবরিয়া তানভীরকে। দেশের প্রখ্যাত নাটক ও চলচ্চিত্র নির্মাতা অরুণ চৌধুরী বেশ কিছুদিন বিরতি শেষে আবারো নতুন নাটক নির্মাণে এলেন। গত দুইদিনে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।
নতুন এই কাজ প্রসঙ্গে অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ বলেন, সবসময়ই ভালো গল্পের খোঁজে থাকি এবং ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের চেষ্টা করি, যা এই নাটকের ক্ষেত্রেও বজায় রয়েছে। দর্শক নাটকটি দেখলে তাদের প্রতিক্রিয়া বোঝা যাবে, তবে কাজের মান নিয়ে আমি বেশ আশাবাদী। নির্মাতা অরুণ চৌধুরীর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আহসান হাবিব নাসিম জানান, এর আগেও তিনি দাদার নির্দেশনায় কাজ করেছেন। অরুণ চৌধুরী অত্যন্ত রুচিশীল একজন নির্মাতা এবং এই নাটকের গল্পে বিশেষ করে নৈতিক মূল্যবোধের বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠবে। একই কথা জানালেন অভিনেতা গোলাম কিবরিয়া তানভীরও। তিনি জানান, অরুণ চৌধুরীর পরিচালনায় এটি তার তৃতীয় কাজ। এছাড়া সহশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে এর আগে চার-পাঁচটি নাটকে তার অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে ভালো একটি কাজ উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। যথারীতি এ নাটকের ক্ষেত্রেও ঠিক তাই।

