টরন্টোতে একই মঞ্চে বন্যা, শিবলী ও নিপা

কানাডার টরন্টোতে এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যার অপেক্ষায় প্রবাসী বাঙালিরা। আগামী ১৪ই নভেম্বর ২০২৬, শনিবার নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে আয়োজিত হতে যাচ্ছে ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’ শিরোনামের এই বিশেষ অনুষ্ঠান। রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং খ্যাতিমান নৃত্যশিল্পী জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা একই মঞ্চে তাদের পরিবেশনা নিয়ে হাজির হবেন। রবীন্দ্রসংগীত, মনোমুগ্ধকর নৃত্য ও বাদ্যযন্ত্রের মূর্ছনায় সাজানো এই আয়োজন দর্শকদের এক স্মরণীয় সন্ধ্যা উপহার দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আশা করছি আপনারা সবাই দলবেঁধে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে আসবেন।

অনুষ্ঠানটির প্রধান আকর্ষণ হিসেবে থাকবে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে রবীন্দ্রনাথের প্রেম, প্রকৃতি, বিরহ ও মানবতার চিরন্তন সুর। তার সংগীতের সঙ্গে শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার নৃত্য পরিবেশনা অনুষ্ঠানটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। বাদ্যযন্ত্রের ক্ষেত্রে জোনায়েদ আনোয়ারের দোতরা এবং জাহাঙ্গীর হোসেনের বাঁশি দর্শকদের মুগ্ধ করবে। এছাড়াও বিদেশি যন্ত্রশিল্পীদের সেতার, পিয়ানো, চেলো ও তবলার সমন্বয় সংগীতের সুরকে করে তুলবে প্রাণবন্ত।

গ্যালিয়ানো কনসার্ট সোসাইটি ও টরন্টোর জনপ্রিয় নৃত্যশিল্পী নাহিদ নাসরীন নয়নের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফারহানা আহমেদ ও অজন্তা চৌধুরী। আয়োজক নাহিদ নাসরীন নয়ন জানান, প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা সংস্কৃতির শেকড়ে ফিরে যাওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে। তিনি সবাইকে এই সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

অনুষ্ঠানস্থল টরন্টো প্যাভিলিয়ন, ১৯০ রেলসাইড রোড, নর্থ ইয়র্কে দর্শকদের জন্য গেইট খোলা হবে ১৪ই নভেম্বর বিকাল সাড়ে ৫টায়। মূল পরিবেশনা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। সংগীত ও নৃত্যের মেলবন্ধনে গড়া এই সন্ধ্যাটি প্রবাসীদের হৃদয়ে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যাবে বলে আয়োজকরা আশা করছেন। এ সন্ধ্যাটি সবার হৃদয়ে চিরদিনের জন্য স্মৃতি হয়ে থাকবে।