বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা প্রদান

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে দেশের শিক্ষা খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে সম্মানিত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা এবং একটি ক্রেস্ট প্রদান করা হয়।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

জাতীয় স্টিয়ারিং কমিটির মাধ্যমে চূড়ান্ত করা ৯৫ জন এবং প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় নির্বাচিত আরো ৬ জনসহ মোট ১০১ জন শিক্ষককে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভাগ অনুযায়ী প্রাপ্ত তথ্যমতে, প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন, চিকিৎসা শিক্ষায় ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক এই সম্মাননা পেয়েছেন। সারা দেশে শিক্ষকদের মধ্যে জাতীয় স্টিয়ারিং কমিটি ৯৫ জনকে চূড়ান্ত করেছে। এ ছাড়া প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত হয়েছেন আরো ৬ জন। তবে এ তালিকায় থাকা কোনো শিক্ষকের বিরুদ্ধে বিরূপ মন্তব্য বা তথ্য পাওয়া গেলে পরবর্তীতে তার নাম বাদ যাবে।

প্রাথমিক পর্যায়ের ১০ জনের মধ্যে ৮ জন সাধারণ ও ২ জন মাদ্রাসা শিক্ষক রয়েছেন। মাধ্যমিক পর্যায়ের ২০ জনের মধ্যে সাধারণ ১০ জন, কারিগরি ৫ জন ও মাদ্রাসা ৫ জন এবং কলেজ পর্যায়ের শিক্ষকদের মধ্যে সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি ও মাদ্রাসার ৫ জন করে শিক্ষক অন্তর্ভুক্ত আছেন। এছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জনের তালিকায় সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক রয়েছেন। চিকিৎসা খাতের ১০ জনের মধ্যে ৫ জন চিকিৎসা মহাবিদ্যালয় ও ৫ জন চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে।