মবিল ইঞ্জিন অয়েলের আসল পণ্য চিনবেন যেভাবে

গাড়ি বা মোটরসাইকেলের ইঞ্জিনের কর্মক্ষমতা এবং দীর্ঘস্থায়িত্ব বজায় রাখতে ইঞ্জিন অয়েলের গুণগত মান নিশ্চিত করা জরুরি। এই লক্ষ্য নিয়ে এমজেএল বাংলাদেশ পিএলসি তাদের মবিল ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলের জন্য আধুনিক সুরক্ষা সিল বা সিকিউরিটি সিল পদ্ধতি প্রবর্তন করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে এক্সনমোবিলের কৌশলগত অংশীদার এবং মবিল লুব্রিকেন্টের একমাত্র অনুমোদিত আমদানিকারক ও বিপণনকারী। ক্রেতাদের আস্থার জায়গা অটুট রাখতে এবং নকল পণ্য থেকে সুরক্ষা দিতে এই নতুন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মবিলের নতুন সিলের খাঁটিত্ব যাচাইয়ের জন্য এখন ক্রেতারা সহজেই ‘রিভিও স্ক্যানার অ্যাপ’ ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে তাতে থাকা কিউআর কোড স্ক্যান করলেই ফোনের স্ক্রিনে একটি অ্যানিমেশন ফুটে উঠবে। এরপর সফল ভেরিফিকেশন মার্কের মাধ্যমে পণ্যটি আসল কি না, তা যাচাই করা সম্ভব হবে। বিস্তারিত তথ্য জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটও পরিদর্শন করা যাবে।

অ্যাপের পাশাপাশি ক্যানের সিলটি খালি চোখে যাচাই করার জন্য ভিজ্যুয়াল ফিচারও যোগ করা হয়েছে। পর্যাপ্ত আলোতে ক্যানটি ডানে-বামে সামান্য কাত করলেই সিলের ওপর থাকা এমজেএল লোগোটি রূপালি থেকে সোনালি রঙে রূপান্তরিত হবে এবং সেখানে একটি টিক চিহ্ন দেখা যাবে। একই প্রক্রিয়ায় সিলের গিয়ার মার্কটি কমলা রঙ থেকে উজ্জ্বল সবুজে পরিবর্তিত হবে, যা পণ্যের সত্যতা নিশ্চিত করে।

অতিরিক্ত সুরক্ষার জন্য প্রতিটি ক্যানের মুখে রিং পিল লাইনার বা আরপিএল ব্যবস্থা রাখা হয়েছে। ক্যাপ খোলার পর এই রিং একবার ছিঁড়ে ফেললে তা পুনরায় লাগানো সম্ভব নয়। এতে তেল লিক হওয়ার ঝুঁকি থাকে না এবং ব্যবহারকারীর হাতে পৌঁছানো পর্যন্ত ইঞ্জিন অয়েলের গুণগত মান প্রায় শতভাগ অক্ষুণ্ণ থাকে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্রেতারা এখন সহজেই আসল মবিল অয়েল শনাক্ত করতে পারবেন।