দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করলেও দেশের চলচ্চিত্রের প্রতি নিজের আগ্রহ ও সম্পৃক্ততা বজায় রেখেছেন জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ। তার পরিচালিত ‘গ্রীন কার্ড’ সিনেমার সাফল্যের পর এবার তিনি নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন, যার নাম রাখা হয়েছে ‘শিরোনাম’। বুধবার সিনেমাটির একটি পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন এই কাজের খবর জানান তিনি। পোস্টারের দৃশ্যপটে রক্তের ওপর তিনটি সংবাদপত্র পড়ে থাকতে দেখা যায়, যেখানে রাজনীতি, সীমান্তে উত্তেজনা ও দেশজুড়ে চলমান বিক্ষোভের শিরোনাম ফুটে উঠেছে। এই দৃশ্যপট থেকেই স্পষ্ট যে, দেশের সাম্প্রতিক বাস্তবতাকে উপজীব্য করেই সাজানো হয়েছে সিনেমার মূল গল্প।
যুক্তরাষ্ট্র থেকে গণমাধ্যমকে কাজী মারুফ জানিয়েছেন, এটি পুরোপুরি কোনো সত্য ঘটনা অবলম্বনে নির্মিত না হলেও সমসাময়িক বাস্তবতার ছায়া এতে স্পষ্টভাবে প্রতিফলিত হবে। সিনেমাটি বাংলাদেশেই শুটিং করার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় চরিত্রে মারুফ নিজেই অভিনয় করবেন, তবে তার বিপরীতে কে থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি। সিনেমার কাজ শুরু করার উদ্দেশ্যে তিনি চলতি মাসেই দেশে ফিরছেন। আগামী ১৫ই অক্টোবর দেশে ফেরার পর নায়িকাসহ অন্যান্য কলাকুশলী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। এর আগে ‘গ্রীন কার্ড’ সিনেমায় প্রবাসী বাংলাদেশিদের সংগ্রাম ও জীবনদর্শনের গল্প ফুটিয়ে তুলেছিলেন তিনি। এবার ‘শিরোনাম’ সিনেমার মাধ্যমে বাস্তবতার সাথে কল্পনার এক মেলবন্ধন দর্শকদের উপহার দেওয়ার প্রত্যাশা রাখছেন এই নির্মাতা ও অভিনেতা।

