সিনেমা নিয়ে শিগগিরই সুখবর দেবেন অপূর্ব

দেশের টিভি নাটকের ইতিহাসে রোমান্টিক ধারার অভিনয়ে আফজাল হোসেন ও মাহফুজ আহমেদের পর দীর্ঘ সময় ধরে নিজের আধিপত্য বজায় রেখেছেন জিয়াউল ফারুক অপূর্ব। প্রায় দুই দশক ধরে তিনি রোমান্টিক গল্পের কেন্দ্রীয় চরিত্রে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এই অভিনয়শৈলী নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের কাছে অনুপ্রেরণার উৎস। যদিও সময়ের সাথে সাথে নতুন অনেক অভিনেতা এসেছেন এবং দর্শকের ভালোবাসা পাচ্ছেন, তবুও অপূর্ব তার কাজের মাধ্যমে নিজের বিশেষ জায়গাটি ধরে রাখতে সক্ষম হয়েছেন। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকটি তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত কাজ হিসেবে গণ্য হয়।

দীর্ঘ ক্যারিয়ারে একবার চলচ্চিত্রে অভিনয় করলেও অপূর্ব সবসময় নাটককেই তার মূল কর্মক্ষেত্র হিসেবে বিবেচনা করেছেন। তবে সম্প্রতি তিনি সিনেমা নিয়ে নতুন করে ভাবছেন। অভিনেতা জানিয়েছেন, সিনেমা নিয়ে তার পরিকল্পনা ও আলোচনা চলছে, তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত তিনি বিস্তারিত কিছু বলতে চান না। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেছেন তিনি। শিগগিরই তিনি এ বিষয়ে ভালো কোনো খবর ভক্তদের দিতে পারবেন বলে আশা রাখছেন।

অভিনয়ের বাইরেও অপূর্ব এখন আন্তর্জাতিক অঙ্গনে বেশ সক্রিয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তিনি প্রথমবারের মতো কোনো স্পন্সর ছাড়াই একক সংগীত সন্ধ্যা সফলভাবে সম্পন্ন করেছেন। সেখানে দারুণ সাড়া পাওয়ার পর খুব দ্রুতই যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো একক শো করার প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে যুক্তরাজ্য ও কানাডাতেও তার শো আয়োজনের কথাবার্তা চলছে। কন্যার প্রথম জন্মদিন উপলক্ষে তিনি আবারও আমেরিকায় যাচ্ছেন।

দেশে অবস্থানকালে অপূর্ব নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করেছেন। নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের নিয়ে তিনি ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের একাগ্রতা ও পরিশ্রমের প্রশংসা করে অপূর্ব বলেন, বর্তমানের তরুণরা বেশ ভালো করছে। তবে তাদের একটি আক্ষেপের জায়গা থাকতে পারে, সেটি হলো তারা আমাদের সময়ের মতো অনেক কিংবদন্তি শিল্পীকে অভিনয়ে নিয়মিত পাচ্ছে না। নিজেদের শুরুর দিকে কিংবদন্তি শিল্পীদের সান্নিধ্য পাওয়ার সুযোগকে তিনি নিজের জন্য পরম সৌভাগ্য বলে মনে করেন।