গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের একটি ডিস্টিবিউটর প্রতিষ্ঠানের প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রতিষ্ঠানের নাম ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড, যারা শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় কার্যক্রম পরিচালনা করে থাকে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার ব্যাংক বন্ধ থাকা ও গার্মেন্ট কর্মীদের বেতনের চাপের কারণে তারা নগদ অর্থের সংকটে ছিলেন। নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের বিকাশ ডিস্টিবিউটর হযরত আলী মুন্সীর কাছ থেকে ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা সংগ্রহ করে একটি প্রাইভেটকারে করে ফিরছিলেন তারা। পথে কর্ণপুর এলাকায় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত প্রাইভেটকারটির গতিরোধ করে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্যমতে, ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল দিয়ে গাড়িটির কাচ ভেঙে ফেলে। এরপর পিস্তল বের করে গুলি চালালে একাউন্টস ম্যানেজার হিমেল গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গাড়িতে থাকা চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদও আহত হয়েছেন। গুলিবিদ্ধ হিমেলকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছিনতাইকারীরা গাড়িটিতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তাভর্তি টাকা নিয়ে পালিয়ে যায়। সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের আশঙ্কা করছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। বর্তমানে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও আহতদের জবানবন্দি নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে কাজ চলছে বলে তিনি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

