চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় এলাকা থেকে আনুমানিক তিন বছর বয়সী এক শিশুর দেহাবশেষ উদ্ধার করেছে নৌ পুলিশ। গত বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোড়ামারা এলাকার ফোর স্টার শিপইয়ার্ডের দক্ষিণ-পশ্চিম পাশের সাগর উপকূল থেকে এটি উদ্ধার করা হয়।
কুমিরা নৌ পুলিশ জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ছমিউদ্দিনের নেতৃত্বে এসআই আব্দুল ওয়াহেদসহ একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটির দেহ উদ্ধার করে। দেহটি গলিত অবস্থায় থাকায় ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার সুরতহাল প্রতিবেদন তৈরির পাশাপাশি ময়নাতদন্তসহ পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে।

