নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখতে এবং সামাজিক শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টার অভিযানে মোট ১০৪ জনকে আটক করা হয়। পরবর্তী সময়ে মুচলেকা গ্রহণ সাপেক্ষে তাদের পরিবারের সদস্যদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে বলে রোববার দুপুরে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। রোববার (১১ অক্টোবর) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় এই নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযানে আটকৃতদের মধ্যে হাতিয়া থানায় ৪০ জন, বেগমগঞ্জ মডেল থানায় ৩১ জন, চরজব্বর থানায় ১০ জন, কোম্পানীগঞ্জ থানায় ৬ জন, চাটখিল থানায় ৬ জন, কবিরহাট থানায় ৪ জন, সুধারাম মডেল থানায় ৩ জন, সেনবাগ থানায় ২ জন এবং সোনাইমুড়ী থানায় ২ জন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, শুধু অভিযান নয়, বরং কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ও তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জনসচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।