আসন্ন ভারত সফরের জন্য ২১ সদস্যের একটি ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেসি)। পাঁচ ম্যাচের এই সিরিজে একটি অভিনব পরিকল্পনা গ্রহণ করেছে কিউই টিম ম্যানেজমেন্ট। মূলত ভারত সিরিজের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি এবং খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে পুরো স্কোয়াডটিকে দুটি ভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে।
নির্বাচকদের পরিকল্পনা অনুযায়ী, প্রথম তিনটি ওয়ানডের জন্য একটি দল এবং শেষ দুটি ওয়ানডের জন্য আলাদা স্কোয়াড গঠন করা হয়েছে। এর কারণ, তৃতীয় ওয়ানডের পরপরই টেস্ট দলের বেশ কয়েকজন সদস্য ওয়েলিংটনে ফিরে যাবেন। সেখানে ১৯শে নভেম্বর থেকে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে। কোচ রব ওয়াল্টার এই কৌশলের ব্যাখ্যায় জানান, ভারত একটি অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ। ঘরের মাঠে দর্শকপূর্ণ স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা তাদের জন্য বড় সুযোগ। এছাড়া আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেও এই সিরিজকে দেখছে নিউজিল্যান্ড। শেষ দুই ওয়ানডেতে নতুন সাতজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার মাধ্যমে মূলত দলের বেঞ্চের গভীরতা যাচাই করার লক্ষ্য রয়েছে তাদের।
সিরিজের জন্য ঘোষিত নিউজিল্যান্ডের প্রথম তিন ওয়ানডের স্কোয়াডে আছেন মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, উইল ইয়ং এবং ব্লেয়ার টিকনার।
অন্যদিকে শেষ দুই ওয়ানডের স্কোয়াডটি সাজানো হয়েছে মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, লকি ফারগুসন, মিচ হে (উইকেটকিপার), নিক কেলি, টিম সাইফার্ট (উইকেটকিপার), ব্লেয়ার টিকনার এবং উইল ইয়ং নিয়ে। তবে চোটের কারণে জ্যাকারি ফোকস, উইল ও’রুর্ক এবং বেন সিয়ার্স এই সিরিজ থেকে ছিটকে গেছেন।

