ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন রাচিন রবীন্দ্র

ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়া রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যানকে ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে। রোববার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এই ঘোষণা দেয়। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য কোচ রব ওয়াল্টার মোট ২১ জন খেলোয়াড় নিয়ে একটি বড় দল গঠন করেছেন।

দল গঠনের প্রক্রিয়ায় ভারসাম্য রাখতে গিয়ে পুরো সিরিজে মাত্র ছয়জন খেলোয়াড় নিয়মিত থাকবেন, যাদের মধ্যে রয়েছেন অধিনায়ক মিচেল স্যান্টনার। এছাড়া আটজন ক্রিকেটার সিরিজের প্রথম তিনটি ম্যাচে অংশ নেবেন এবং এরপর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য দল থেকে বিদায় নেবেন। সিরিজের শেষ দুটি ওয়ানডের জন্য নতুন করে সাতজন খেলোয়াড় দলে যোগ দেবেন।

এর আগে গত মাসে একটি প্রচারণামূলক অনুষ্ঠানে ক্যাচ নিতে গিয়ে কাঁধের হাড় স্থানচ্যুত হওয়ায় রাচিন রবীন্দ্র টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েন। একইসঙ্গে মার্ক চ্যাপম্যান হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কুড়ি ওভারের এই সিরিজ থেকে ছিটকে যান।

ওপেনার ফিন অ্যালেন, টিম সিফার্ট এবং পেস বোলার লকি ফার্গুসন সিরিজের শেষ দুটি ওয়ানডেতে দলে ফিরছেন। এই তিন ক্রিকেটার গত ১৮ মাস ধরে নিউজিল্যান্ডের হয়ে কোনো ৫০ ওভারের ফরম্যাটে খেলেননি, মূলত তারা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগকেই বেশি অগ্রাধিকার দিয়েছেন।

কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, এই ওয়ানডে সিরিজটি আগামী বছরের বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের নিজেদের দাবি জোরালো করার একটি বড় সুযোগ। তিনি বলেন, ‘আমাদের স্কোয়াডে ২১ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার মতো পর্যাপ্ত গভীরতা থাকা আমাদের জন্য অনেক সৌভাগ্যের।’

ওয়াল্টার আরও যোগ করেন, ‘লকি, ফিন এবং টিমকে ওয়ানডে দলে ফিরে পাওয়া দারুণ একটি ব্যাপার। বিশেষ করে ফিন ও টিমের ক্ষেত্রে, টি-টোয়েন্টিতে তাদের সক্ষমতা আমরা দেখেছি। এখন দীর্ঘ ফরম্যাটে নিজেদের যোগ্যতা প্রমাণের দারুণ সুযোগ তাদের সামনে রয়েছে।’