যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা বাতিল

যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ যুব ফ্রন্ট। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনার নিন্দা জানিয়ে এর পেছনে থাকা দায়ীদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়েও সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অব্যবস্থাপনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে দুর্নীতি ও অনিয়মের পুরোনো সংস্কৃতি থেকে দেশ এখনো পুরোপুরি মুক্ত হতে পারেনি।

পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন, পরীক্ষা শুরু হওয়ার মাত্র দুই মিনিট পার হতেই ওএমআর শিট কেড়ে নিয়ে পরীক্ষাটি হুট করে স্থগিত ঘোষণা করা হয়। এই অব্যবস্থাপনার কারণে সারা দেশ থেকে ঢাকা শহরে আসা অসংখ্য চাকরিপ্রত্যাশী চরম হয়রানির শিকার হয়েছেন। পরীক্ষা বাতিলের এই ঘটনায় পরীক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। আয়োজকদের এই অদক্ষতার দায় কোনোভাবেই চাকরিপ্রার্থীদের ওপর চাপানো যায় না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংগঠনটি তাদের বক্তব্যে তিনটি মূল দাবি উত্থাপন করেছে। প্রথমত, প্রশ্নফাঁসের প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, পরীক্ষায় অংশগ্রহণ করতে এসে যেসকল বেকার পরীক্ষার্থী আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সর্বশেষ, চাকরিপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করতে ভবিষ্যতে নিয়োগ পরীক্ষার কেন্দ্রগুলো কেবল ঢাকায় সীমাবদ্ধ না রেখে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সম্প্রসারণ করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ যুব ফ্রন্টের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দেশের বেকার তরুণদের এই অনিশ্চয়তা ও চরম ভোগান্তির অবসান ঘটাতে প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা ফেরাতে দায়িত্বশীল কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে বলেও তারা মনে করে।