সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী এবং তাঁদের ১৫ বছর বয়সী একমাত্র ছেলে অরিত্র বিশ্বাস নিহত হয়েছেন। সোমবার রাতে আল-আইন রোডের আল ওয়াতবা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে পরিবার নিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার পথে পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি স্বরূপ বিশ্বাসের গাড়িটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই অসীমা চৌধুরী ও অরিত্র বিশ্বাসের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন আশঙ্কামুক্ত। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা প্রকৌশলী স্বরূপ বিশ্বাস আবুধাবির প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ব্যক্তি। নিহত অসীমা চৌধুরীর পৈতৃক নিবাস চট্টগ্রামের রাউজানে। তাঁদের সংসারে আরও এক কন্যাসন্তান রয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ আবুধাবির বানিয়াস এলাকার কেন্দ্রীয় মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে স্বজন ও কমিউনিটি নেতারা কাজ করছেন। এই মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

