চলতি বছরের ৯ মাসে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৯

আবাসন খাতের অন্যতম অর্থায়নকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম নয় মাসে কর-পরবর্তী ৮১ কোটি টাকা নিট মুনাফা করেছে। গত হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ছিল ৭৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে প্রায় ৯ শতাংশ। বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা। প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%।

প্রতিষ্ঠানটির জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ডিবিএইচ ফাইন্যান্সের নিট সুদ আয় দাঁড়িয়েছে ১৫৮ কোটি ৮১ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ১০০ কোটি ৮৬ লাখ টাকা। সেই হিসাবে প্রতিষ্ঠানটির নিট সুদ আয় বেড়েছে প্রায় ৫৭ শতাংশ।

এ বিষয়ে ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন বলেন, ২০২৬ সালের প্রথম নয় মাসের আর্থিক এই ফলাফল প্রতিষ্ঠানের পরিচালনগত দক্ষতা, দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনা, বিচক্ষণ ঝুঁকি নিয়ন্ত্রণ এবং গ্রাহককেন্দ্রিক সেবার প্রতি দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।

দেশজুড়ে ১৯টি শাখার মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে ডিবিএইচ। প্রতিষ্ঠানটির দাবি, যাত্রা শুরুর পর থেকে তাদের খেলাপি ঋণের হার সবসময় ১ শতাংশের নিচেই রয়েছে। দীর্ঘ ২১ বছর ধরে সর্বোচ্চ ‘এএএ’ ক্রেডিট রেটিং ধরে রাখার গৌরবও অর্জন করেছে আর্থিক প্রতিষ্ঠানটি। গত তিন দশক ধরে বাংলাদেশে গৃহঋণ সেবা দিয়ে আসা ডিবিএইচ প্রচলিত অর্থায়নের পাশাপাশি ইসলামিক ফাইন্যান্স উইংয়ের মাধ্যমেও আবাসন খাতে গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করছে। বাজারের প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও টেকসই প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি আরও বেশি মানুষের বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণে সহায়তা করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। মেয়াদি আমানত ও মুদারাবা আমানতসহ বিভিন্ন ধরনের আমানত সেবাও রয়েছে প্রতিষ্ঠানটির।