যুক্তরাজ্যে দায়িত্ব গ্রহণ করলেন নতুন হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত

যুক্তরাজ্যে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত আনুষ্ঠানিকভাবে নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দায়িত্ব গ্রহণের পর লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তিনি এক পরিচিতিমূলক মতবিনিময় সভায় মিলিত হন। তবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে তাঁর পরিচয়পত্র পেশ করেননি।

মতবিনিময় সভায় দলগতভাবে কাজ করা, দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং জনসেবায় সর্বোচ্চ নিষ্ঠা প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন নতুন হাইকমিশনার। তিনি উল্লেখ করেন, দেশের সাধারণ মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অবদানেই রাষ্ট্র পরিচালিত হয়। সেই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সততা, সহমর্মিতা ও পেশাদারত্ব বজায় রেখে সকলকে প্রত্যাশার চেয়েও ভালো সেবা দেওয়ার আহ্বান জানান মুহাম্মদ আবদুল মুহিত।