প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসীদের নিয়ে শিক্ষা সফরের আয়োজন করেছে ইসলামিক ফোরাম অব আফ্রিকা, ঘাউটেং প্রভিন্স শাখা। গত রোববার (১৮ অক্টোবর) মেয়ারটনের ক্লিপড্রাই ক্যারাভান পার্ক ও ওয়াইল্ডলাইফ পার্কে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। প্রবাসীদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যেই মূলত এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।
দিনব্যাপী এই আয়োজনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ফুটবল খেলা, হাড়িভাঙা, বেলুন ফোটানো এবং ওয়াটার পার্কে স্লাইডিংয়ের মতো আনন্দদায়ক সব কর্মকাণ্ডে অংশ নেন অংশগ্রহণকারীরা। দিনশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চমৎকার আবহাওয়ায় প্রবাসীরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী করার সুযোগ পেয়েছেন বলে মন্তব্য করেন আয়োজকরা।
সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও ঘাউটেং প্রভিন্সের সভাপতি মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু নাঈমের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মো. আলী আকবর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ইব্রাহীম আহমেদ এবং সহকারী সেক্রেটারি আবুল কাশেম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাপলা টিভির সিইও নোমান মাহমুদ, নর্থ ওয়েস্ট সাউথের অফিস সম্পাদক নিজাম উদ্দিন এবং ঘাউটেং প্রভিন্সের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অন্যদের মধ্যে মোয়ারেফ হোসেন রতন, শেখ মাসিদ, নাসির উদ্দিন, আব্দুর রাকিব, আব্দুল মতিন, শাহেদ মাহমুদ ও মেসবাহ উদ্দিন ছাড়াও টিম সদস্য গিয়াস উদ্দিন কিরণ, আলমগীর হোসেন, আবুবকর সিদ্দিক সাগর, মো. মহসিন ও মো. ইলিয়াসসহ সংগঠনের সদস্যরা এই মিলনমেলায় অংশগ্রহণ করেন।

