পিএইচপি প্রোগ্রামিংয়ে ত্রুটি, নিরাপত্তাশঙ্কায় বন্ধ বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট

ব্যাপকভাবে ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে (PHP) গুরুতর নিরাপত্তা ত্রুটি উন্মোচিত হওয়ায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের একাধিক সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির সহায়তায় এই নিরাপত্তা দুর্বলতাগুলো চিহ্নিত করার আগে দীর্ঘদিন তা আড়ালেই রয়ে গিয়েছিল। কয়েক বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সফটওয়্যারে লুকিয়ে থাকা এসব ত্রুটি শনাক্ত হওয়ার পর নিজেদের ব্যবস্থা সুরক্ষিত করতে তৎপর হয়ে ওঠেন ওয়েবসাইট পরিচালনাকারীরা। তারা বলেছেন, এআই ব্যবহার করে ত্রুটিগুলো শনাক্ত করার আগে সেগুলো বছরের পর বছর অজানাই ছিল। সব ব্যবহারকারীকে অবিলম্বে সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ দিয়েছেন তারা। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সতর্ক করে বলেছে, কিছু হ্যাকার এরই মধ্যে এসব ত্রুটি কাজে লাগিয়ে হামলা চালাচ্ছে। মূলত এ পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইউরোপের বিভিন্ন সরকারি সংস্থা তাদের ওয়েবসাইট বন্ধ করে দেয় বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। গত শতাব্দীর নব্বইয়ের দশকের শুরুর দিকে যাত্রা শুরু করা পিএইচপি প্রোগ্রামিংয়ের পূর্ণরূপ ছিল ‘পার্সোনাল হোম পেজ’। ইন্টারনেটের বড় একটি অংশের ওয়েবসাইট পরিচালনায় এই ভাষা ব্যবহৃত হয়।

সাইবার হামলা প্রতিরোধ ও প্রযুক্তিগত নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা ‘টিএলপি:ব্ল্যাক’-এর সহপ্রতিষ্ঠাতা কস্টিন রাইউ বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থার এই ত্রুটিকে কাজে লাগিয়ে সুযোগ নেওয়ার দৌড়কে আরও ত্বরান্বিত করছে এআই। তার মতে, পরবর্তী পদক্ষেপে ইন্টারনেটে থাকা প্রতিটি ঝুঁকিপূর্ণ ওয়েব সার্ভার ব্যাপকভাবে সাইবার আক্রমণের শিকার হতে পারে।