ইউএই প্রেসিডেন্টস কাপের আয়োজক কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ‘প্রেসিডেন্টস কাপ ফর পিওরব্রেড অ্যারাবিয়ান হর্সেস’-এর উচ্চপর্যায়ের আয়োজক কমিটি তাদের নিয়মিত বৈঠকে মিলিত হয়েছে। আবুধাবির এমিরেটস প্যালেস মান্দারিন ওরিয়েন্টাল হোটেলে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন সুলতান আল হেমেইরি, মাতার আল ইয়াবহুনি আল ধাহেরি এবং কমিটির সদস্য মুসালাম আল আমরি। সভায় সার্বিক পরিচালনা ও সমন্বয়কের দায়িত্ব পালন করেন কমিটির মহাসচিব ফয়সাল আল রহমানি।

বৈঠকে চলমান ৩৩তম আসরের এ পর্যন্ত সম্পন্ন হওয়া পর্বগুলোর ফলাফল ও সামগ্রিক সাফল্য পর্যালোচনা করা হয়। বিশ্বের চার মহাদেশে বিস্তৃত ঐতিহ্যবাহী রেসকোর্সগুলোতে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতা বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। অভিজাত ঘোড়ার মালিক ও প্রজননকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তর্জাতিক মিডিয়ার কভারেজ, বিপণন কৌশল এবং দর্শক সমাগমের বিষয়টি সভায় প্রশংসিত হয়। আয়োজকদের মতে, আন্তর্জাতিক ঘোড়দৌড়ের মানচিত্রে এই টুর্নামেন্টের অবস্থান এখন আরও সুদৃঢ়।

প্রতিযোগিতার বাকি ধাপগুলো সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক ও লজিস্টিক পরিকল্পনা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। বিশ্বমানের আয়োজন নিশ্চিত করতে আন্তর্জাতিক রেসিং সংস্থা ও ঐতিহ্যবাহী রেসকোর্সগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি গ্লোবাল ডিজিটাল প্রচার জোরদার করা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের অশ্বারোহী ক্রীড়াপ্রেমীদের যুক্ত করার লক্ষ্য নিয়ে নতুন কর্মসূচি অনুমোদন করা হয়।

মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের সূচনা ঘটেছিল ১৯৯৪ সালে। সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত জাতির পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের বিশেষ দূরদর্শিতায় বিশুদ্ধ জাতের আরবীয় ঘোড়ার বৈশ্বিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিযোগিতাটি শুরু হয়। পরবর্তীতে আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান হিজ হাইনেস শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের সার্বিক পৃষ্ঠপোষকতায় দীর্ঘ ৩৩ বছরে এটি বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী ও দামি রেসিং সিরিজে পরিণত হয়েছে।