প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন। তার এই সফরটি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আয়োজিত হয়েছে। রবিবার ২৫ অক্টোবর দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
ঢাকা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব আব্দুস সাত্তার। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এবং স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী। এই সফরে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

