দুদিনেই এক কোটি ভিউ পেল অপূর্ব-নীহার নতুন নাটক

ইউটিউব চ্যানেল সিএমভি-তে মুক্তির মাত্র দুদিনের মধ্যেই ১ কোটি ভিউর মাইলফলক স্পর্শ করেছে নির্মাতা জাকারিয়া সৌখিনের নাটক ‘ভালো আছো তো?’। নাটকটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। এর কমেন্টবক্সে লক্ষাধিক লাইক ও হাজার হাজার ইতিবাচক মন্তব্যে দর্শক তাদের ভালো লাগার কথা জানিয়েছেন।

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। ইতিপূর্বে ‘মনদুয়ারি’ ও ‘মায়াপাখি’-এর মতো আলোচিত কাজে জুটি বাঁধলেও নতুন এই নাটকটি জনপ্রিয়তার নিরিখে আগের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। বিনোদনমূলক বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও নাটকটি নিয়ে বেশ আলোচনা চলছে। দর্শকদের মতে, গল্পের গাঁথুনি, সাবলীল সংলাপ এবং আবেগঘন দৃশ্যায়নের কারুকার্য নাটকটিকে অনন্য করে তুলেছে। বিশেষ করে শেষ দৃশ্যটি দর্শকদের মনে গভীর দাগ কেটেছে।

সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘সব সময় নিজের মনের মতো কাজ করতে চেয়েছি। কাজের স্বীকৃতি পেলে আনন্দ হয়। এই প্রাপ্তি আমার একার নয়; এর পেছনে আমার টিম, প্রযোজক ও শিল্পীদের অবদান রয়েছে। দর্শকদের প্রতিও আমি কৃতজ্ঞ।’

সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই সাফল্যে আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞ। অপূর্ব, নীহা ও নির্মাতা জাকারিয়া সৌখিনসহ পুরো দলকে অভিনন্দন জানাই। সিএমভি সবসময় দর্শক চাহিদাকে গুরুত্ব দিয়ে মানসম্মত কনটেন্ট উপহার দেওয়ার চেষ্টা করে। এমন অর্জন আমাদের পরবর্তী কাজের জন্য বড় অনুপ্রেরণা।’

নাটকটিতে প্রধান দুই তারকা ছাড়াও অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক ও প্রান্তসহ অনেকে। এছাড়া নাটকটির একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’ লিখেছেন আহমেদ রিজভী। সাজিদ সরকারের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।