খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, কুমিল্লায় আটক ১

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নাজমুল হাসান (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

আটক নাজমুল হাসান কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম হারিজ মিয়া। অভিযোগ রয়েছে যে, ‘নাজমুল ইবনে হারিজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে খালেদা জিয়াকে লক্ষ্য করে অবমাননাকর মন্তব্য পোস্ট করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, বুড়িচং থানার ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ দল সোমবার দুপুর ১২টার দিকে দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার বিষয়টি স্বীকার করেছেন।