৩৪তম জন্মদিনে নতুন সিনেমা ‘ফারজান’-এর ঘোষণা দিলেন পরীমনি

নিজের ৩৪তম জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ এক চমক নিয়ে এলেন চিত্রনায়িকা পরীমনি। শনিবার রাতে কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন চলচ্চিত্র ‘ফারজান’-এর ঘোষণা দেন তিনি। ছবিটি পরিচালনা করছেন তারেক রহমান। অভিনেত্রী জানান, নতুন এই সিনেমাটি ভক্তদের জন্য তার তরফ থেকে একটি বিশেষ উপহার।

এবারের জন্মদিনের আয়োজনে ছিল ব্যতিক্রমী আবহে সাজসজ্জা। পুরো অনুষ্ঠানটি শিউলি ফুলের থিমে সাজানো হয়, যার জন্য চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠান নায়িকার এক ভক্ত। অনুষ্ঠানের ভেন্যুর সিঁড়ি শিউলি ফুল দিয়ে সাজানো হয়েছিল, আর নিজের পোশাকেও সেই থিম ফুটিয়ে তোলেন পরীমনি। তিনি শিউলি ফুলের নকশাদার কমলা রঙের শাড়ি পরে অতিথি অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে নতুন কাজের ঘোষণা দিয়ে পরীমনি বলেন, জন্মদিনে একটি সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা ছিল। ছয় মাস আগেই সিনেমাটির জন্য লুক চূড়ান্ত করা হয়েছিল। কাজ শুরু করতে গিয়ে বিভিন্ন ধরনের জটিলতার মুখোমুখি হতে হলেও ইতোমধ্যেই শুটিংয়ের বড় অংশ সম্পন্ন হয়েছে। বাকি কাজ শেষ হলে শিগগিরই সিনেমাটি নিয়ে বিস্তারিত তথ্য ভক্তদের সামনে প্রকাশ করা হবে।

পরিচালক তারেক রহমান সিনেমাটি নিয়ে নিজের আশাবাদের কথা প্রকাশ করেন। তিনি জানান, তাদের নতুন এই কাজের জার্নিটি খুবই সুন্দর হবে এবং দর্শকরা পর্দায় এক নতুন পরীমনিকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন।