নওগাঁয় ২৫টি জাল নোটসহ ভাড়াটিয়া আটক

নওগাঁয় জাল নোট বাজারজাত করার প্রস্তুতিকালে আব্দুল জব্বার (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর উপজেলার চক বাড়িয়া দক্ষিণ পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল জব্বার আলেক শিকদারের ছেলে এবং তিনি ওই এলাকায় রুহুল আমিনের বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে চক বাড়িয়া দক্ষিণ পাড়ার একটি বাসায় ভাড়াটিয়া জাল নোট কেনাবেচার কাজ করছেন। এই তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল ওই বাসায় অভিযান চালায়। সেখানে উপস্থিত লোকজনের সামনেই আব্দুল জব্বারের হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোট উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার আরও জানান, রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তারের পর নওগাঁ সদর থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।