খুলনা রেঞ্জে অনৈতিক সুবিধা নেওয়া ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার

খুলনা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত ২৮ জন পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। নির্ধারিত বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৩০ অক্টোবর) ডিআইজি কার্যালয় থেকে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের তালিকায় কনস্টেবল, বাবুর্চি থেকে শুরু করে এসআই পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন থানা ও পুলিশ ইউনিটে কর্মরতদের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ ওঠে। তালিকায় থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক ও গোয়েন্দা শাখায় দায়িত্বরত সদস্যদের নামও যুক্ত রয়েছে।

এ বিষয়ে খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিম জানান, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাহিনীর ভেতর শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, অনৈতিক সুবিধা গ্রহণ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পুলিশের ওপর জনআস্থা তৈরিতে বড় বাধা। আইজিপি স্যারের কঠোর নির্দেশনা মেনেই খুলনা বিভাগে এই শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে।