ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শেন ডিটজ। তিন বছর দায়িত্ব পালনের পর গত ৩১ অক্টোবর, ২০২৬ তারিখে বোর্ডের সাথে তার চুক্তির মেয়াদ শেষ হয় এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই উভয় পক্ষ আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়।
ডিটজের কোচিংয়ে ওয়েস্ট ইন্ডিজ নারী দল ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছে। তার অধীনে দলটি ২০২৪ ও ২০২৬ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে। ডিটজের বিদায়ের পর পাকিস্তান সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দলের সাবেক টেস্ট হেড কোচ আন্দ্রে কোলিকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যমান সাপোর্ট স্টাফদের সাথেই তিনি কাজ করবেন।
সিডব্লিউআই-এর ক্রিকেট পরিচালক মাইলস বাসকম্ব ডিটজের প্রশংসা করে বলেন, শেন এই দলকে পরপর দুটি বিশ্বকাপের সেমিফাইনালে তুলে এনেছেন, যা দলটির জন্য নতুন মানদণ্ড তৈরি করেছে। তার পরিকল্পনার কথা জানার পর আমরা সম্মত হয়েছি যে, এই মুহূর্তে একটি পরিষ্কার দায়িত্ব হস্তান্তর দলের জন্য সবচেয়ে ভালো। অন্যদিকে, আন্দ্রে কোলির অভিজ্ঞতা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিস্টেমের প্রতি তার গভীর জানাশোনা আমাদের প্রস্তুতিতে ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে বলেও উল্লেখ করেন বাসকম্ব।

