ঢাকার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ নানা দাবিতে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানেগ্যাসের শেল নিক্ষেপ করলে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। উত্তাল এই পরিস্থিতির মধ্যে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ ও শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালের দিকে হেমায়েতপুর থেকে সিংগাইর সড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করলে পরিস্থিতি সংঘাতের দিকে মোড় নেয়। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালানো হয়। এরই মধ্যে উত্তেজিত শ্রমিকেরা পুলিশের একটি গাড়ি ঘিরে ফেলে তাতে অগ্নিসংযোগ করে।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানান, সকালে পদ্মার মোড় এলাকায় দুই দিক থেকে ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক জড়ো হয়ে পুলিশের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করলে আন্দোলনকারীদের হামলায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ কয়েকজন আহত হন। ওসির গাড়িতেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিকও আহত হয়েছেন বলে জানা গেছে।

