নিজের বোলিং অ্যাকশন নিয়ে ওঠা প্রশ্ন নিরসনে পরীক্ষার জন্য বর্তমানে ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন বাংলাদেশের রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম। আগামী ২৮ নভেম্বর তার এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আইসিসির অনুমোদিত চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্স সেন্টারে তিনি বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন। ১২ নভেম্বর চেন্নাইয়ে পৌঁছান এই ক্রিকেটার। যদিও ঢাকায় পরীক্ষা দিয়ে পাশ করে আবারও ক্রিকেটে ফেরেন তিনি।
এর আগে গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয় আলিসের। ম্যাচে ৮.৫ ওভার বোলিং করে ৪৭ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। ম্যাচ শেষে ম্যাচ অফিসিয়ালরা তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। নিয়ম অনুযায়ী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পরীক্ষা দেয়ার বাধ্যবাধকতা থাকলেও ভিসা জটিলতায় সময়মতো ভারত যেতে পারেননি তিনি। পরে বিসিবি আইসিসির কাছ থেকে সময় বাড়িয়ে নেয়। প্রশ্নবিদ্ধ হওয়ার পর মিরপুরে কোচ মোহাম্মদ সালাহউদ্দীনের তত্ত্বাবধানে অ্যাকশন নিয়ে কাজ করেন এই ডানহাতি স্পিনার। বোলিং অ্যাকশন শুধরানোর জন্য তাকে সাহায্য করেন মোহাম্মদ সালাহউদ্দিন।
উল্লেখ্য যে, ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়লেন আলিস। ২০২৫ বিপিএলে চিটাগং কিংসের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। আসরে সাত ম্যাচ খেলে ১১ উইকেট নেয়ার পর তার অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এর আগে ২০১৯ সালের বিপিএলে নিজের অভিষেক আসরেও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি। দুবারই অ্যাকশন শুধরে পুনরায় ক্রিকেটে ফিরেছিলেন এই স্পিনার। এর আগে প্রথমবার ২০১৯ সালে বিপিএল অভিষেকে প্রশ্নের মুখে পড়েন আলিস।

