গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, লাঠিসোটা, রামদা এবং দেশীয় অস্ত্র নিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন। গত রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যার মধ্যে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে, আজ থেকে গোপালগঞ্জ স্বাধীন’ অন্যতম। এই ঘটনার জেরে পুরো জেলা সদরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায় এবং অনেক সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। সরজমিন দেখা যায়, পূর্বের গোপন পরিকল্পনা অনুযায়ী সকাল থেকে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের নেতৃত্বে মিছিল নিয়ে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হন কয়েক হাজার নেতাকর্মী। যার পরিপ্রেক্ষিতে এক মিনিটের জন্যও ন্যশনাল হা্ইওয়ে বন্ধ ছিল না।
বিক্ষোভের সময় দলটির নেতাকর্মীরা লঞ্চঘাট এলাকায় নির্মাণাধীন জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন। এরপর তারা গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার সাঁটিয়ে দেন। এছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলা হয়। মিছিল নিয়ে যাওয়ার পথে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়েও হামলার চেষ্টা করা হয়; কার্যালয় তালাবদ্ধ থাকায় রামদা ও লাঠিসোটা দিয়ে এর বাইরের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। একইসঙ্গে পুরনো লঞ্চঘাট ও প্রেস ক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে দুই ঘণ্টাব্যাপী অবরোধ সৃষ্টি করা হয়। গোপালগঞ্জ সরকারি কলেজ গেটে আগের নামে ব্যানারও সাঁটিয়েছেন তারা।
তাণ্ডবের সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে স্লোগান দিয়ে উল্লাস করেছেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় এপিসির লুকিং গ্লাস ও পুলিশ বক্সের জানালা ভাঙা হয় এবং সাঁজোয়া যানের গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোপালগঞ্জ-ঘোনাপাড়া-টুঙ্গিপাড়া সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। এসময় গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের দেখা গেলেও তাদের তেমন কোনো কার্যকর তৎপরতা লক্ষ্য করা যায়নি।
গোপালগঞ্জের বাইরে টুঙ্গিপাড়াতেও ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। শনিবার ও রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি, যুবদল ও তাদের নেতাদের ব্যক্তিগত কার্যালয় এবং দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা অভিযোগ করেছেন যে, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা নিলফা বাজার ও কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ বিভিন্ন দোকানপাটে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। ওদিকে গতকাল রাতে টুঙ্গিপাড়া পৌর বিএনপি’র সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ছাড়া পাটগাতি বাজারে বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এই সহিংসতার দিনে বড় ধরনের প্রশাসনিক রদবদল আনা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফউজ্জামানকে প্রত্যাহার করে নতুন ডিসি হিসেবে জি এম সরফরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে সরিয়ে ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই রদবদল সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজিবি ও পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। সার্কিট হাউজে আয়োজিত সম্মেলনে বিজিবি যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ১০ নভেম্বর ৩ প্লাটুন এবং পরবর্তীতে আরও তিন প্লাটুন মিলিয়ে মোট ১৫০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকালের দিকে জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্সে দুই হাজার মানুষের ঘেরাও ও নাশকতার চেষ্টা বিজিবি সদস্যরা শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করেছেন বলে তিনি উল্লেখ করেন। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্সে দেড় থেকে দুই হাজার বা তারও বেশি মানুষ ঘেরাওয়ের মতো পরিস্থিতি তৈরি করেছিল। পর্যাপ্ত সংখ্যক মোবাইল পেট্রোল মোতায়েন করা হয়। পরিস্থিতি নজরে রেখে সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ১ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন ছিল। তিনি দাবি করেন, জেলা পুলিশের পাশাপাশি অন্য জেলা থেকেও ফোর্স আনা হয়েছিল এবং ন্যাশনাল হাইওয়ের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সতর্ক অবস্থানে ছিলেন। এছাড়া সরকার এই ঘটনাগুলোর দিকে কড়া নজর রাখছে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রমতে, বিষয়টি গতকালের মন্ত্রিসভার বৈঠকেও আলোচিত হয়েছে এবং সরকার এখনই বলপ্রয়োগের পথে না হেঁটে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নাশকতামূলক কাজ করতে তারা উদ্যত হচ্ছিল। তিনি বলেন, জেলায় ৬৭ কিলোমিটার মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তিনি বলেন, হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা প্রতিদিনই আমরা পরিবর্তন করছি। আগামী দিনের জন্য সরকারি স্থাপনা, জানমাল ও জনগণকে নিরাপত্তা দেয়ার জন্য আমাদের যা যা করণীয়, আমরা পুলিশের পক্ষ থেকে সেটা করে যাবো। যে কারণে সাধারণ জনগণের নিরাপত্তা আর সরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়। সূত্র জানায়, সরকার এখনই বলপ্রয়োগ করতে চায় না।

