চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ৫

সোমবার (১৬ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা শহরের ব্যস্ততম চৌরাস্তার মোড় বা শহীদ হাসান চত্বরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ব্রিজের দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা কয়েকটি ইজিবাইক ও একটি বাইসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী কলম (৪৮) গুরুতর আহত হন। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার বাসিন্দা কছর আলীর ছেলে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কলমের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বিকেলে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর আহত বাকি পাঁচজন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-অপারেশন) আবু সাইদ জানান, পুলিশ নিহতের বাড়িতে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।