লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় বিপ্লব ও সংহতি দিবস পালন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লন্ডনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। গত সোমবার পূর্ব লন্ডনে অনুষ্ঠিত এই সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। সভার সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য সচিব খসরুজ্জামান খসরু। সোমবার (৯ নভেম্বর )পূর্ব লন্ডনে এই সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রেক্ষাপট বিস্তারিতভাবে আলোচনা করেন এবং তৎকালীন সংকটময় সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহসী ভূমিকার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীকালে ১৯৭৫ সালে যখন দেশ সিভিল ও মিলিটারি উভয় সেক্টরে এক চরম ক্রান্তিকাল পার করছিল, তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি হাল ধরেন। সিপাহী ও জনতার সম্মিলিত বিপ্লবের মাধ্যমে বন্দীদশা থেকে মুক্ত হয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তার প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র এবং ১৯ দফা কর্মসূচি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছিল বলে বক্তারা মন্তব্য করেন।

৭ নভেম্বরকে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করে সভায় উপস্থিত নেতারা জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং মর্যাদাকে সর্বদা অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন। এ সময় ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করে দেশের পররাষ্ট্রনীতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব, আব্দুল হামিদ চৌধুরী, আলহাজ্ব তৈমুছ আলী, শাহ আখতার হোসেন টুটুল, আক্তার হোসেন, প্রফেসর ফরিদ উদ্দিন, শরীফুজ্জামান চৌধুরী তপন, এম এ মুকিত, এমদাদ হোসেন টিপু, তাজুল ইসলাম, আবেদ রাজা, শহিদুল ইসলাম মামুন, দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, মিজবাহুজ্জামান সোহেল, হাসনাত কবির খান রিপন, আসাদুজ্জামান আহমেদ, সালেহ আহমদ জিলান, শামসুর রহমান মাহতাব, সালেহ গজনবী, ফখরুল ইসলাম বাদল, ফেরদৌস আলম, সেলিম আহমেদ, শামীম আহমেদ, সোহেল আহমদ সাদিক ও ব্যারিস্টার আলিমুল হক লিটন। এ ছাড়া যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, সেচ্ছাসেবক দলের আজিম উদ্দিন, আইনজীবী ফোরামের ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি, আবুল হাসনাত, জাসাস নেতা এম এ সালাম, তাসবীর চৌধুরী শিমুল, ইকবাল হোসেন, মহানগর বিএনপির সোহেল আহমেদ, ফয়সল আহমেদ এবং মহিলা দলের নেত্রী অঞ্জনা আলমসহ অনেকে সভায় অংশ নেন।