কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

ফ্যাসিবাদ বিদায় নিলেও সাংস্কৃতিক অঙ্গনের ফ্যাসিবাদী গোষ্ঠীগুলো এখনো বহাল তবিয়তে সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে এটিই বর্তমান সময়ের সবচেয়ে বড় সংকট। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘লক্ষ সুরের বাংলাদেশ—তথ্য দূষণ করব শেষ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বান্নাহ অভিযোগ করেন, বর্তমানে সরকার ও বিরোধী দলের অনেক প্রভাবশালী নেতা এবং সংসদ সদস্যকে সেই কালচারাল ফ্যাসিস্টদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা যাচ্ছে। অথচ এই গোষ্ঠীটি অতীতে বহু মানুষের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে এবং পরিবারের সদস্যদের জেলে বন্দি করে রেখেছিল। তার মতে, আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বললেই জঙ্গি বা রাজাকার ট্যাগ দেওয়া ছিল স্বৈরাচারের স্বাভাবিক বৈশিষ্ট্য, যা ক্যান্টনমেন্ট কালচারাল এরিয়া থেকে সাংস্কৃতিকভাবে বৈধতা পেত।

সাংস্কৃতিক ফ্যাসিবাদের শেকড় অনেক গভীরে প্রোথিত উল্লেখ করে তিনি বলেন, এটিকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। তবে বাংলাদেশপন্থী নতুন ও শক্তিশালী অন্তত পাঁচজন তরুণ মুখ তৈরি করা সম্ভব হলে, ভবিষ্যতে তা জ্যামিতিক হারে বেড়ে ১৫ থেকে ৩০ জনে রূপ নেবে, যা সাংস্কৃতিক অঙ্গনে একটি নতুন প্ল্যাটফর্ম গড়তে সাহায্য করবে। তিনি ফ্যাসিবাদের এই সাংস্কৃতিক দুর্গের ভেতরে থেকেই লড়াই চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ আরও সতর্ক করে বলেন, ফ্যাসিবাদী শাসনামলে র‍্যাব, পুলিশ ও বিভিন্ন বাহিনীর যারা গুম-খুনের সঙ্গে জড়িত ছিল, তারা এখনো স্বৈরাচারবিরোধী ব্যক্তিদের একটি হিটলিস্ট রেখে লাল দাগ দিয়ে চিহ্নিত করে রাখছে। তিনি কোনো গণহত্যাকারী বা ফ্যাসিবাদের সহযোগীকে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, মীর মুগ্ধ, আবু সাঈদ কিংবা আনাসের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। শহীদদের আদর্শকে ধারণ করে সব ধরনের ফ্যাসিবাদী পুনর্বাসনের প্রচেষ্টা রুখে দেওয়া হবে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও কামাল আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সংগীতশিল্পী বাপ্পি খান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেস্তি বক্তব্য দেন। অনুষ্ঠানে সংগীতশিল্পী আসিফ আকবরও উপস্থিত ছিলেন।