শিল্পীসত্তাকে কাজে লাগাতে চান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

একসময় ছোট পর্দার নাটকে নিয়মিত অভিনয় ও বিজ্ঞাপনে নিজের সাবলীল উপস্থিতি দিয়ে দর্শক মাতিয়ে রেখেছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে সময়ের পরিক্রমায় গত কয়েক বছরে অভিনয়ের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছেন তিনি। এখন আর কোনো সাধারণ বা অনুরোধের কাজ করতে আগ্রহী নন এই অভিনেত্রী। প্রভা স্পষ্ট করেই জানিয়েছেন, মনের মতো কাজ না হলে তিনি ক্যামেরার সামনে দাঁড়াতে চান না। তার কথায়, একটা সময় ক্যারিয়ারের প্রয়োজনে কাজ করতাম এবং পর্দার চাহিদাও ছিল আমাকে নিয়ে। কিন্তু বর্তমানে আমি সেই ধারায় ফিরতে আগ্রহী নই।

নিজের বর্তমান জীবনধারা নিয়ে প্রভা বলেন, এখনকার সুশৃঙ্খল জীবনটা বেশ উপভোগ করছি। আমি শান্তিপ্রিয় মানুষ, তাই সব কাজ সময়ের সঙ্গে ভাগ করে নিয়েছি। জিমে যাওয়া, অফিসের কাজ এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার—সবকিছুর নির্দিষ্ট সময় রয়েছে। আমার ওসিডি (অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার) থাকায় শুটিং সেটে দীর্ঘক্ষণ কাজ করা কিছুটা কঠিন হয়ে পড়ে। তাই এখন যে কাজের মাধ্যমে নিজের শিল্পীসত্তাকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব, শুধুমাত্র সেই কাজগুলোই করতে চাই।

ভ্রমণপিপাসু এই অভিনেত্রী দেশ-বিদেশ ঘুরতে খুবই ভালোবাসেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘনঘন বিদেশ ভ্রমণের ছবি দেখে অনেকে মনে করেন তিনি স্থায়ীভাবে বাইরেই থাকেন। বিষয়টি পরিষ্কার করে প্রভা জানান, ছয় মাসে হয়তো একবার বিদেশে ঘুরতে যাই। আবার অফিসের কাজেও অনেক সময় দেশের বাইরে যেতে হয়। সেসব সময়ের স্থিরচিত্র ও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে মানুষ হয়তো ভুল বোঝেন। নিজের ব্যক্তিগত ভালো লাগা ও কাজের ভারসাম্যে এখনকার জীবন নিয়েই তিনি সন্তুষ্ট।