রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের মাচালং ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সেনাসদস্যরা ওই এলাকায় অভিযানে গেলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গোলাগুলি হয়। এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ জানিয়েছে, শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, গত কয়েক দিন ধরেই সাজেক ও এর আশপাশের বিভিন্ন এলাকায় গুলির শব্দ পাওয়া যাচ্ছিল। শনিবার সকাল ৯টার পর মাচালং এলাকায় আবার থেমে থেমে গোলাগুলি শুরু হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে পিসিজেএসএসের দায়িত্বশীল একটি পক্ষ এই গোলাগুলির দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে। সংগঠনটির দাবি অনুযায়ী, সাজেকের কোথাও কোনো গোলাগুলির তথ্য তাদের কাছে নেই এবং মাচালং এলাকায় তাদের কোনো সশস্ত্র দল বা সদস্য অবস্থান করছে না।

