কালিয়াকৈরে লাইসেন্সহীন ফ্লেভার কারখানায় জরিমানা

গাজীপুরের কালিয়াকৈরে লাইসেন্স বা প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ‘আনিকা ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার রাখালিয়াচালা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে এই কারখানায় অনিয়মের সত্যতা পায়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটিতে বিভিন্ন ধরনের ফ্লেভার ও খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। তল্লাশির সময় প্রতিষ্ঠানের নথিপত্র ও পণ্যের অনুমোদন যাচাই করে দেখা যায়, বেশ কিছু পণ্যের জন্য প্রয়োজনীয় সরকারি লাইসেন্স নেই। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় কারখানা কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কারখানার সংশ্লিষ্টদের লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে তাদের সতর্ক করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক আফসানা পারভীন জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ব্যবসায়িক অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাবে অধিদপ্তর। লাইসেন্স ছাড়া কোনো পণ্য উৎপাদন বা বাজারে সরবরাহ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।