দীর্ঘ ক্যারিয়ারজুড়ে ভক্তদের কাছ থেকে পাওয়া অকৃত্রিম ভালোবাসার প্রতি দায়বদ্ধতা থেকেই এবার অনন্য এক উদ্যোগ নিয়েছেন নগর বাউলখ্যাত রক তারকা জেমস। নিজের নামে ‘জেমস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন এই শিল্পী। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার দীর্ঘ সংগীত জীবনের সৃষ্টিশীল কাজগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হবে, যাতে সেগুলো আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে ফাউন্ডেশনের। বর্তমানে প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পরিকল্পনা বেশ আগে থেকেই ছিল এবং এখন এর প্রাথমিক ধাপগুলো নিয়ে কাজ চলছে। রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, “দেশের মানুষ জেমসকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ। জেমসের গান ও সৃজনশীল কাজের সুরক্ষা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। তবে পুরো কর্মপরিকল্পনা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। নিবন্ধন প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে বিস্তারিত সব তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
আশির দশকের শুরুতে চট্টগ্রামের ‘ফিলিংস’ ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট হিসেবে সংগীতজগতে পথচলা শুরু করেন জেমস। ১৯৮৭ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশের পর নিজস্ব গায়কী ও অনবদ্য সুরের জাদুতে তিনি দেশের রক সংগীতের শীর্ষ তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। চার দশকের বেশি সময় ধরে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সমাদৃত। দীর্ঘ চার দশক ধরে মঞ্চ কাঁপানো এই শিল্পী এখনো তার নিজস্ব ধারা ও শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে অগণিত ভক্তের হৃদয়ে জায়গা দখল করে আছেন।

