গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং গ্রামীণ ব্যাংককে সব ধরনের হামলার হাত থেকে রক্ষার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
প্রফেসর ইউনূস জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যার লক্ষ্যবস্তু হয়েছে গ্রামীণ ব্যাংক। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই অস্থিতিশীল পরিস্থিতির পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত থাকতে পারে। হামলার ধারাবাহিকতায় চট্টগ্রামে অবস্থিত তাঁর নিজের পৈতৃক বাড়িও রক্ষা পায়নি, যেখানে বর্তমানে তাঁর দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন। উল্লেখ্য, এই বাড়ি থেকেই তাঁর কাজের যাত্রা শুরু হয়েছিল, যা পরবর্তীতে গ্রামীণ ব্যাংকের রূপ নেয়।
গ্রামীণ ব্যাংককে দরিদ্র মানুষের, বিশেষ করে গ্রামীণ নারীদের মালিকানাধীন একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ২০ বছর পূর্তি এবং প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপনের প্রাক্কালে এমন হামলা অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, বর্তমানে এই ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী, যারা নিজেদের ব্যবসা পরিচালনার জন্য ঋণ নেন এবং লভ্যাংশও পান। এই দরিদ্র নারী ঋণগ্রহীতারা ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক এবং বাকি ১০ শতাংশ শেয়ারের মালিক সরকার। অথচ হামলাকারীরা মিথ্যা প্রচার চালাচ্ছে যে ব্যাংকটির মালিক তিনি নিজে এবং তিনিই তা পরিচালনা করেন। প্রকৃতপক্ষে, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পর থেকে ব্যাংকটির পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি কোনো শেয়ারের মালিকও নন। ২০ বছর আগে নোবেল কমিটি এই প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছিল। বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি।
নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে পেট্রোল বোমা হামলা চালানো হচ্ছে। এ পর্যন্ত দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় সহিংসতা হয়েছে। ড. ইউনূস উদ্বেগ প্রকাশ করে বলেন, হামলার ধরন দেখে মনে হচ্ছে এটি সুপরিকল্পিত এবং ওপরের মহল থেকে নির্দেশিত। এসব সহিংসতায় ব্যাংকটির নিবেদিতপ্রাণ কর্মকর্তা এবং ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন, যা লাখ লাখ নারীর মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। এটি শুধু অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।
এই সহিংসতার ব্যাপকতা শুধু গ্রামীণ ব্যাংকেই সীমাবদ্ধ নয় বলে তিনি জানান। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি, বিএনপি’র তিনজন সংসদ সদস্যের বাসভবন এবং দেশের তিনটি থানায়ও একই ধরনের অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি জানান, গ্রামীণ ব্যাংক তার মালিক, কর্মী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চেয়েছে যাতে দরিদ্র নারীদের জন্য সেবা কার্যক্রম অব্যাহত থাকে।
ড. ইউনূস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতিমধ্যে গৃহীত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান এবং অপরাধীদের অতি দ্রুত বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানান যেন তারা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পেছনের পরিকল্পনাকারীদের শুভবুদ্ধি ফেরাতে সক্রিয় ভূমিকা রাখেন। দেশের আইন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাই এখন সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।

