বিশ্বকাপে প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দলের সমর্থক, জানা গেল

সারাবিশ্বের মতো বাংলাদেশেও এখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা তুঙ্গে। সর্বত্রই চলছে ফুটবল নিয়ে আলোচনা ও বিশ্লেষণ। বিশ্বকাপে কে কোন দলকে সমর্থন করছেন, তা নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। এরই মধ্যে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের বিশ্বকাপে কোন দলের সমর্থক।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রধানমন্ত্রী। এই সময় সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জানতে চান, "এখন বিশ্বকাপ চলছে। আপনি কোন দলের সমর্থক, আমরা সবাই জানতে চাই।"

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "আমি একটি দেশে দীর্ঘ সময় কাটিয়েছি। এবার আপনারা নিজেরাই বুঝে নিন আমি কোন দলের সমর্থক।"

উল্লেখ্য, জুলুম-নির্যাতনের শিকার হয়ে তারেক রহমান ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জেল থেকে প্যারোলে মুক্তি পান এবং পরিবারসহ যুক্তরাজ্যে নির্বাসনে যান। এরপর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দেশে ফিরতে পারেননি। দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে প্রত্যাবর্তন করেন।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর এটি বুঝতে আর কোনো অসুবিধা থাকে না যে, তিনি ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড দলের সমর্থক।