অক্ষয় কুমার অভিনীত কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বক্স অফিসে ধারাবাহিকভাবে দুর্দান্ত ব্যবসা করছে। আহমেদ খান পরিচালিত এই ছবিটি মঙ্গলবার ‘ব্লকবাস্টার টিউজডে’ টিকিট অফারের পূর্ণ সুবিধা গ্রহণ করেছে। এর ফলে সোমবারের তুলনায় মঙ্গলবার ছবিটির আয় আরও বৃদ্ধি পেয়েছে। স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পঞ্চম দিন অর্থাৎ মঙ্গলবার ছবিটি ৯ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে। এর আগে প্রথম সোমবারে শুক্রবারের তুলনায় ৫০ শতাংশ আয় কমে ৮ কোটি ৫০ লাখ রুপি সংগ্রহ করেছিল ছবিটি। সব মিলিয়ে মুক্তির পর পাঁচ দিনে ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৮১ কোটি ৫০ লাখ রুপি।
চলতি বছরে ‘ভূত বাংলা’র পর অক্ষয়ের ঝুলিতে আরও একটি বড় সফল ছবি যুক্ত হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পেইড প্রিভিউ শোসহ সপ্তাহান্তে ছবিটি মোট ৬৩ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছিল। সপ্তাহান্তের দুর্দান্ত ব্যবসার পর দর্শকদের ইতিবাচক প্রচার বা ‘ওয়ার্ড অব মাউথ’-এর প্রভাব সোমবারেও বজায় ছিল। বর্তমানে মাল্টিপ্লেক্সগুলোতে ১৯৯ রুপির বিশেষ অফারের কারণে প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি বাড়ছে, যা সামনের দিনগুলোতেও ছবিটির অবস্থান শক্ত করবে বলে ধারণা করা হচ্ছে।
ছবিটির নির্মাতা অক্ষয় কুমার জানিয়েছেন, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নির্মাণে ব্যয় হয়েছে ১১৫ কোটি রুপি। বর্তমান আয়ের গতিধারা অব্যাহত থাকলে প্রথম সপ্তাহ শেষে এর মোট আয় ৯৬ থেকে ৯৮ কোটি রুপির ঘরে পৌঁছাতে পারে। সে হিসাবে দ্বিতীয় সপ্তাহান্তেই ছবিটি ‘হিট’ তকমা পাওয়ার পথে রয়েছে।
২০০৭ সালে আনিস বাজমী পরিচালিত ‘ওয়েলকাম’ ছবির মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। এরপর ২০১৫ সালে মুক্তি পায় এর সিকুয়েল ‘ওয়েলকাম ব্যাক’। এবার নতুন কিস্তিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সুনীল শেঠি, আরশাদ ওয়ারশি, পরেশ রাওয়াল, জ্যাকি শ্রফ, শ্রেয়স তলপড়ে, জনি লিভার, রাজপাল যাদব, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ ও ফরিদা জালালসহ একঝাঁক তারকা।
