২৩ বছরের সেবার স্বীকৃতি: রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

দীর্ঘ ২৩ বছরের কর্মজীবনের ইতি টেনে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক আবেগঘন ও ব্যতিক্রমী বিদায়ের সাক্ষী হলেন স্থানীয় বাসিন্দারা। পৌরশহরের উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন গোলাম কবিরকে তাঁর দীর্ঘ সময়ের সততা, নিষ্ঠা ও আন্তরিক সেবার স্বীকৃতিস্বরূপ স্থানীয় যুবসমাজ এক রাজকীয় সংবর্ধনা প্রদান করেছে।

শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলী হোসেন খান। এতে মসজিদ কমিটির মোতাওয়াল্লি আকামত আলী এবং কমিটির সদস্য ফারুক আহমদ, আনর মিয়া, মইন উদ্দিন ও আজিজুল মিয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গোলাম কবির শুধু আজান ও ধর্মীয় দায়িত্বই পালন করেননি, বরং এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফারুক মিয়া, আনর মিয়া এবং আলী হোসেন রাজ তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ ২৩ বছর ধরে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে আল্লাহর ঘরের সেবা করে গেছেন তিনি। তাঁর এই মানবিক আচরণ ও শৃঙ্খলা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বিদায়ী আয়োজনের অংশ হিসেবে গ্রামের যুবসমাজের পক্ষ থেকে গোলাম কবিরকে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক ব্যতিক্রমী আয়োজনে তাঁকে সুসজ্জিত মাইক্রোবাসে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে তাঁকে বিদায় জানান স্থানীয় যুবকরা। পুরো পথজুড়ে এলাকাবাসী তাঁকে শুভেচ্ছা জানান, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।