ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর একের পর এক রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ৮০ জন বিধায়কের একটি বড় অংশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পৃথক উপদল গঠন করার পাশাপাশি লোকসভার এমপিরাও আলাদা ব্লক তৈরি করেছেন।
দলের ভেতরে এই ভাঙন এবং প্রকৃত তৃণমূল কংগ্রেস কারা—তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা চলছে। এমন পরিস্থিতিতে নিজের অবস্থানে অনড় থেকে আক্রমণাত্মক ভঙ্গিতেই রাজনৈতিক প্রতিপক্ষকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের এই সংকটময় মুহূর্তে তিনি স্পষ্ট করে বলেছেন যে, যেসব বিদ্রোহী নেতা দল ছেড়েছেন, তারা মূলত চাপের মুখেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

