নালিতাবাড়ীতে হাত-পা বেঁধে জামায়াত নেতাকে মারধর ও লুট

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে জামায়াতে ইসলামীর এক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পৌর শহরের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাহিদ হাসান নালিতাবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরামের শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে নালিতাবাড়ী বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন জাহিদ হাসান। পথিমধ্যে চকপাড়া এলাকায় নির্জন স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত চার ব্যক্তি তার গতিরোধ করে। দুর্বৃত্তরা তার মাথায় একটি কালো ব্যাগ পরিয়ে হাত-পা বেঁধে ফেলে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তার কাছে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

প্রায় আধা ঘণ্টা অচেতন অবস্থায় পড়ে থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে রাত আড়াইটার দিকে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জাহিদ হাসানের বড় ভাই আব্দুল মোমেন জানান, রাজনৈতিক উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়ে থাকতে পারে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হাসপাতালের চিকিৎসক তানভীর ইবনে কাদের জানিয়েছেন, জাহিদ হাসানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।