খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

খাগড়াছড়ির রামগড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. শাহিন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহিন আদালতে উপস্থিত ছিলেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার মাত্র এক বছরের মধ্যে মামলার রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা। তিনি জানান, ২০২৫ সালের ২৫ জুলাই রামগড়ে খাবারের প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করেন মো. শাহিন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট নই এবং আমাদের মতে ন্যায়বিচার নিশ্চিত হয়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও তিনি জানান।