নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় অবস্থিত পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড-এর আবাসন প্রকল্পে রাতের আঁধারে শতাধিক গাছ কেটে ফেলেছে একদল দুর্বৃত্ত। গত ২৯ জুন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে প্রকল্প এলাকায় প্রবেশ করে গাছগুলো নিধন করা হয়। এ ঘটনায় এলাকায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র ও জিডি থেকে জানা যায়, সামাজিক ও পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ওই আবাসন প্রকল্পে বেশ কিছু বনজ ও ফলদ গাছ রোপণ করা হয়েছিল। ঘটনার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতুলিয়া এলাকার মোজাম্মেল, মামুন, সিরাজুল, তাহারুল, মাসুদ ও ফিরোজসহ আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে প্রকল্প এলাকায় প্রবেশ করে।
দুর্বৃত্তরা প্রজেক্টের ৪ নম্বর পোস্ট ক্যাম্পের সামনে থেকে শুরু করে পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর প্রায় অর্ধশতাধিক গাছ কেটে ফেলে। এসময় প্রকল্পের স্টাফরা বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাদের প্রাণনাশের হুমকি দেয়। জিডির বাদী ও প্রজেক্ট স্টাফ মো. রাজিব হোসেন দুলাল জানান, গাছগুলোর সাথে কী শত্রুতা ছিল তা তাদের বোধগম্য নয়। তিনি বলেন, এই হামলা ও গাছ কাটার ফলে কোম্পানির যেমন আর্থিক ক্ষতি হয়েছে, তেমনি পরিবেশেরও অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। তিনি দ্রুত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

