বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের ২-১ গোলের জয় নিয়ে তৈরি হওয়া বিতর্কের জবাব দিয়েছে ফিফা। ম্যাচটিতে ইংল্যান্ডের সমতাসূচক গোলটি নিয়ে অভিযোগ উঠেছিল যে, বলটি মাঠের ওপর থাকা ক্যামেরার তার স্পর্শ করেছিল। তবে শনিবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে বেলিংহামের গোলে ১-১ সমতা আনে ইংল্যান্ড। গোলটির পরপরই নরওয়ের খেলোয়াড়েরা ফরাসি রেফারি ক্লেমো তুরপিনের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।
শনিবার ফিফা তাদের বিবৃতিতে স্পষ্ট করে জানায় যে, বলের ভেতরে বসানো চিপ সেন্সরে বল ক্যামেরার তারে ধাক্কা খাওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। একই প্রযুক্তি এর আগে টুর্নামেন্টের আগের পর্বে পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার নকআউট ম্যাচে একটি গোল বাতিলের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছিল।
ফিফার ভাষ্যমতে, নরওয়ের বিপক্ষে ৪৫+২ মিনিটে ইংল্যান্ডের গোলটি হওয়ার আগে কানেক্টেড বলের সেন্সরে বাতাসে থাকা অবস্থায় বলের ‘হার্টবিটে’ কোনো অস্বাভাবিক তারতম্য ধরা পড়েনি। তাই বলটি ওপরের তারে স্পর্শ করে গতিপথ বদলে যাওয়ার কোনো প্রমাণ নেই বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
