প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তাকে এক নজর দেখার ও স্বাগত জানানোর আশায় আজ সোমবার ভোর থেকেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে স্থানীয় বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের ঢল নামে।
সকাল ৭টা ৫০ মিনিটে তারেক রহমানের গাড়িবহর ফরিদপুর-বরিশাল মহাসড়ক দিয়ে অতিক্রম করার সময় সড়কের দুই পাশে অবস্থান নেওয়া হাজারো নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি গাড়ির ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। কালামৃধা থেকে আসা লাইলী বেগম নামের এক বৃদ্ধা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি দেখার জন্য আমি ১৫ কিলোমিটার দূর থেকে এসেছি। জীবনে এই প্রথম তাকে সরাসরি দেখে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে পেরেছি।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম জানান, দলের প্রিয় নেতাকে স্বাগত জানাতে মালিগ্রাম থেকে চুমুরদি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে মহাসড়কের দুই পাশে নেতাকর্মীদের অবস্থান ছিল। ভালোবাসা থেকেই তারা এই সংবর্ধনায় অংশ নিয়েছেন।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদারেস আলী ইছা জানান, দক্ষিণবঙ্গে এটি তারেক রহমানের প্রথম সফর। বরিশালের জনসভায় যোগদানের উদ্দেশ্যে তিনি সড়কপথে যাত্রা করেছেন। তবে সময়ের স্বল্পতা ও নিরাপত্তার খাতিরে তিনি ভাঙ্গায় যাত্রাবিরতি করেননি। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই সকাল ৭টা ৫০ মিনিটে তারেক রহমানের গাড়িবহর ভাঙ্গা এলাকা অতিক্রম করে।
