বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বমঞ্চে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার জো কোল। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, সেমিফাইনালে লিওনেল মেসিকে তারা মাটিতে মিশিয়ে দেবেন।
‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে জো কোল বলেন, সেমিফাইনালে মেসিকে মাটিতে মিশিয়ে দিতে হবে এবং তারা সেটাই করবেন। এই মন্তব্যের প্রেক্ষিতে সেখানে উপস্থিত ইংল্যান্ডের আরেক সাবেক ফুটবলার মিকা রিচার্ডস আপত্তি জানালে কোল তার অবস্থানে অনড় থেকে বলেন, তিনি এই কথা শতবার বলতে পারেন। সাবেক এই উইঙ্গারের দাবি, ইংল্যান্ডের যে গতি রয়েছে তা সামলানো আর্জেন্টিনার পক্ষে সম্ভব হবে না এবং তারা সেমিফাইনালে জয়ী হয়ে ফাইনাল খেলবে।
ইংল্যান্ডের আরেক সাবেক তারকা ওয়েন রুনিও আর্জেন্টিনাকে নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। রুনির মতে, আর্জেন্টিনার রক্ষণভাগের দুর্বলতা তাদের জন্য কাল হতে পারে। রুনি বলেন, মেসি রক্ষণে খুব একটা সাহায্য করেন না, যা সেমিফাইনালের মতো ম্যাচে বিপদ ডেকে আনতে পারে। জুড বেলিংহ্যাম বা হ্যারি কেনের মতো খেলোয়াড়রা যেমন রক্ষণে সহায়তা করেন, মেসি তা করেন না বলে রুনির পর্যবেক্ষণ।
রুনি আরও যোগ করেন, মেসি সামান্য সুযোগ থেকেও গোল করার ক্ষমতা রাখেন, ঠিক যেমনটা এবার বেলিংহ্যাম করছেন। তবে মেসিকে মার্ক করার ক্ষেত্রে ডিফেন্ডারদের মধ্যে সঠিক যোগাযোগ ও চরম মনোযোগ প্রয়োজন। রুনি সতর্ক করে বলেন, ইংল্যান্ড যদি এই বিষয়ে সতর্ক না থাকে, তবে মেসি তাদের রক্ষণভাগকে বোকা বানিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ পাবেন।
এ সময় পডকাস্টে উপস্থিত ইংল্যান্ডের সাবেক ফুটবলার মিকা রিচার্ডস বলেন, ‘তুমি (কোল) এ রকম কথা বলতে পার না।’ জবাবে কোল বলেন, ‘১০০ বার বলতে পারি।’

