জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি উঠেছে জাতীয় সংসদে। মঙ্গলবার ৬৮ বিধিতে অনুষ্ঠিত এক আলোচনায় বিরোধী দলীয় নেতারা অবিলম্বে দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া পরিচালনার দাবি জানান। একইসঙ্গে গণহত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। আলোচনায় ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করার দাবিও উঠে আসে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আলোচনায় অংশ নিয়ে জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। তিনি স্পষ্ট করেন যে, শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণের কোনো সুযোগ পাবেন না এবং সীমানায় প্রবেশের সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হবে। সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই স্মৃতি জাদুঘর ৫ আগস্ট উদ্বোধন করা হবে এবং আহত জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বর্ডার ইস্যু নিয়ে তিনি বলেন, সার্বভৌমত্ব রক্ষায় সরকার আপসহীন এবং কোনো ধরনের অবৈধ পুশইন হতে দেওয়া হয়নি। পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, পররাষ্ট্রনীতি সংশোধনের মাধ্যমে এই সম্পর্ক নির্ধারণ করা হবে, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, সাড়ে ১৬ বছরের গুম, খুন ও নির্যাতনের বিচার হতে হবে এবং এই বিচার যেন ন্যায়বিচার হয়। তিনি গণভোটের রায় ও সংবিধান সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এবং মিডিয়ার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সীমান্তে উত্তেজনার বিষয়ে সরকারের নীরবতা কাম্য নয় এবং দেশের প্রতিটি বালুকণার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১৬টি তদন্ত সম্পন্ন হয়েছে, যার মধ্যে ১২টি রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং চারটি মামলার চার্জ ফ্রেম হয়েছে। ইতিমধ্যে তিনটি মামলার রায় হয়েছে। শাপলা চত্বরের হত্যাযজ্ঞ ও দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডে জেলা পর্যায়ে তদন্ত কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, যেই দল দুইবার গণহত্যা চালিয়েছে ও গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের দল হিসেবে বিচার করতে হবে। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে দক্ষ আইনজীবী নিয়োগের দাবি জানান। এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেন, জাতিসংঘ প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ রয়েছে যে আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ করেছে। গণ-অধিকার পরিষদের সংসদ সদস্য ও প্রবাসী-কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক বলেন, ভবিষ্যতে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া জরুরি। আলোচনায় আরও অংশ নেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম ও রোকেয়া বেগম।

