দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সতর্কবার্তা

মঙ্গলবার দুপুর ১টার মধ্যে দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সতর্কবার্তার প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর আগে ১৩ জুলাই সকাল ১০টায় প্রকাশিত এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার সকাল ১১টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার চেয়েও বেশি ভারী বর্ষণ হতে পারে। এই অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা মহানগরের কিছু অংশে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এছাড়া গতকাল রাতে প্রকাশিত সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাসও রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin