ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সাত শতাধিক স্থাপনা ভস্মীভূত, জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। অঙ্গরাজ্যটির বিভিন্ন এলাকায় তিনটি বড় দাবানল সক্রিয় রয়েছে, যার ফলে অন্তত ৭ হাজার একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের এই তাণ্ডবে সাত শতাধিক বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন স্থাপনা পুড়ে ভস্মীভূত হয়েছে।

দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে স্পোকেন এলাকার প্রায় ৬৫ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন পুরো অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। স্থানীয় ভিডিওচিত্রে দেখা গেছে, অনেক আবাসিক ভবন আগুনে জ্বলছে এবং ঘন কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়েছে। অনেক বাড়ি পুড়ে গিয়ে শুধু চিমনিগুলো দাঁড়িয়ে আছে। সরিয়ে নেওয়া মানুষের তালিকায় স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীরাও রয়েছেন।

শুষ্ক আবহাওয়া এবং প্রবল দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর সদস্যদের চরম বেগ পেতে হচ্ছে। ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও এর আশপাশের এলাকায় প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল অর্থাৎ ২১ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ওল্ড ট্রেইলস ফায়ার, ফেয়ারভিউ ফায়ার এবং মেডোভিউ ফায়ার নামে তিনটি বড় দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি।

মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল এক সংবাদ সম্মেলনে জানান, পরিস্থিতি এখনো বিপদমুক্ত নয় এবং আগামী কয়েক দিন খুবই কঠিন হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহজুড়ে শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বজায় থাকার আশঙ্কা রয়েছে এবং বুধবার তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইট বা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। বজ্রপাত থেকেই এই দাবানলের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

এদিকে ওয়াশিংটনের বাইরেও পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনের প্রায় ৫২৫ বর্গমাইল অর্থাৎ ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার তৃণভূমি পুড়ে গেছে। সেখানে টানা দশম দিনের মতো বুলডোজার ও হেলিকপ্টারের সহায়তায় আগুন নেভানোর কাজ চলছে। ওই অঞ্চলে ৭০০টির বেশি বাড়ি এবং ৮০০টি স্থাপনা বর্তমানে হুমকির মুখে রয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। এছাড়া উটাহ, মন্টানা ও নেব্রাস্কার কিছু এলাকায় দাবানলের উচ্চ ঝুঁকি এবং অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নেভাডা ও মন্টানার বিভিন্ন অংশে তীব্র তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত