বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান মির্জা ফখরুলের

দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, বর্তমান পরিস্থিতিতে জনদুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। প্রতিটি মন্ত্রণালয় ও সংস্থাকে তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সেবা ও সহায়তা পৌঁছে দিতে হবে। তিনি আরও জানান, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক তৎপর রয়েছে। তিনি ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, কোনো ধরনের দুর্নীতি ছাড়াই প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছাতে হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্তদের একটি নির্ভুল ডাটাবেজ তৈরির পরামর্শ দেন, যাতে ত্রাণ কার্যক্রম আরও কার্যকর ও সুশৃঙ্খল হয়। এছাড়া তিনি সরবরাহ ব্যবস্থা ও যোগাযোগ অবকাঠামো সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বন্যা-পরবর্তী পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মপরিকল্পনা বাস্তবায়ন, পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির চিত্র মূল্যায়ন করে খাদ্য সহায়তা প্রদান এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নতুন বীজ বিতরণ। এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা, রোগব্যাধি প্রতিরোধে স্বাস্থ্যসেবা জোরদার করা এবং এলজিইডি, সড়ক ও জনপথ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়ক দ্রুত সংস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin